পদ্মায় নিখোঁজের দুইদিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাদাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুই দিন আগে নৌকা ভ্রমণে এসে কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের সঙ্গে বাল্কহেডের ধাক্কায় তিনি নিখোঁজ হন।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা থেকে প্রায় ১২০ জন একটি বাল্কহেডে করে নৌভ্রমণে বের হন। তারা ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকা ঘুরে রাতে ফিরছিলেন। রাত ৮টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে পদ্মা নদীর তীব্র স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়নৌকা ভ্রমণে এসে কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের সঙ্গে বাল্কহেডের ধাক্কায়। এতে বাল্কহেডে থাকা তিনজন নদীতে ছিটকে পড়েন।
পরে অভিযান চালিয়ে লিটন ও ওহাব নামে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও রাকিবুজ্জামান রকি নিখোঁজ হন। দুইদিন পর আজ রকির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাল্কহেডটি পদ্মা নদীর বাহিরচর অংশের পুরোনো ফেরিঘাট এলাকায় গিয়ে অবস্থান নেয়।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, মরদেহটি নদীতে ভেসে উঠলে রবিবার বেলা পৌনে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাদাপুর এলাকা থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।