সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আট জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনে তারা মিছিল করেন।
আটকরা হলেন- কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া (২৪), মিছিলে লোক সংগ্রহকারী রিয়াদ (১৮), সোয়াদ (১৮), মাসুম (১৮), সাভার কলেজের শিক্ষার্থী জিন্নাত (১৯), গার্মেন্টস কর্মী ইসমাইল হোসেন (২০), মোজার ফ্যাক্টরি কর্মী তামিম সিকদার (১৮) ও জুতার দোকানের বিক্রয় কর্মী সাকিন ইসলাম (১৮)। আটকরা সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, রবিবার দুপুর ১টার দিকে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (বিপিএটিসি) সামনের ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় অর্ধ শতাধিকের একটি দল ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে। মিছিল চলাকালে মহাসড়কের পাশে একটি ককটেল ফুটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ সাইদুর ইসলাম বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করেছিল। এ সময় তারা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।