বলিউড প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক আর বাল্কির নতুন একটি সুপারহিরো সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে, যেখানে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড তারকা আমির খান। বিশ্বস্ত সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিনেমাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর স্ক্রিপ্ট লেখার কাজ চলছে।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রজেক্টের প্রস্তাব ইতিবাচক হিসেবেই নিয়েছেন আমির খান, তবে তিনি আনুষ্ঠানিকভাবে এখনও সিনেমায় সই করেননি। আগামী কয়েক মাস ছবিটির গল্প, চিত্রনাট্য ও মূল চরিত্রের ওপর জোর দেবেন নির্মাতারা। এটি একটি বড় বাজেটের সিনেমা হওয়ায় শুটিং শুরুর আগেই প্রাক-প্রযোজনা ও লুক ডিজাইনে দীর্ঘ সময় ব্যয় করা হবে। চিত্রনাট্য পুরোপুরি শেষ হওয়ার পরই সিনেমাটি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন আমির।
ছবিটি চূড়ান্ত হলে সাজিদ নাদিয়াদওয়ালা ও আর বাল্কি উভয়ের সঙ্গেই এটি হবে আমিরের প্রথম কাজ। সাজিদের সঙ্গে আমিরের দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও কখনও তাদের একসঙ্গে কাজ করা হয়নি।
অন্যদিকে ‘চীনি কম’, ‘পা’, ‘কী অ্যান্ড কা’, ‘প্যাড ম্যান’ ও ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’-এর মতো ভিন্ন ধারার সিনেমা নির্মাণ করে প্রশংসিত হয়েছেন আর বাল্কি। বলিউডের তিন খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে ২০১৭ সালের এক সাক্ষাৎকারে বাল্কি রসিকতা করে বলেছিলেন, আমি যদি এখন তাদের নিয়ে সিনেমা বানানোর কথা ভাবি, তবে কাজ শুরু করতে করতে বুড়ো হয়ে যাব… তার চেয়ে বরং ব্যবহারিক হওয়া ভালো।
আমির খান বর্তমানে ‘রেস ৪’ নিয়েও আলোচনা করছেন। তবে দুটি সিনেমাই এখনও আলোচনার টেবিলেই রয়েছে। অবশ্য আমিরের পরবর্তী নিশ্চিত কাজ হলো আশুতোষ গোয়ারিকরের ঐতিহাসিক স্পোর্টস ড্রামা ‘ললকারা’। ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের প্রেক্ষাপটে তৈরি সিনেমাটির শুটিং ২০২৬ সালের নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। এ ছাড়া রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়েও পরে কাজ করার কথা রয়েছে তার।
সূত্র: এনডিটিভি