ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানের জন্য অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চান সাবেক ৭ অধিনায়ক


September 15, 2026 3:45 pm
Link Copied!


পাকিস্তানের কারাগারে বন্দি সাবেক ক্রিকেট অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। এবার তার উন্নত চিকিৎসা ও মানবিক দিক নিশ্চিত করতে কূটনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে নিজ দেশের সরকারের দ্বারস্থ হয়েছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক।

এর আগে ইমরানের সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানিয়ে ২২ জন আন্তর্জাতিক অধিনায়ক চিঠি দিয়েছিলেন। সেই উদ্যোগের পর এবার অস্ট্রেলিয়ার ক্রিকেটের কয়েকজন কিংবদন্তি একজোট হয়ে ইমরানের বিষয়ে কূটনৈতিক সমাধানের দাবি তুলেছেন।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে চিঠি দিয়েছেন দেশটির সাবেক সাত অধিনায়ক। তাদের অনুরোধ, ইমরানের শারীরিক ও মানবিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে বিষয়টি উত্থাপন করা হোক।

চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ।

এক বিবৃতিতে সাত অধিনায়ক স্পষ্ট করেছেন, ইমরানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলায় তারা কোনো অবস্থান নিচ্ছেন না। বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলেই উল্লেখ করেছেন তারা। তবে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তাদের ভাষায়, রাজনীতি যাই হোক না কেন, কারাগারে একজন মানুষের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, সেটি মৌলিক মানবিকতার বিষয়।

অস্ট্রেলিয়ার ক্রিকেটের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব গ্রেগ চ্যাপেল ইমরানের বিষয়ে পেনি ওংয়ের সঙ্গে সরাসরি বৈঠকেরও অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে সম্প্রতি ইমরানের ছেলেরা তার জীবন নিয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করার পরই বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

সাত সাবেক অধিনায়কের লেখা চিঠিতে বলা হয়েছে, ‘গ্রেগ চ্যাপেল সর্বশেষ ২০২২ সালে ইসলামাবাদে ইমরান খানকে দেখেছিলেন, তখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার নিজের ভাষ্য অনুযায়ী, তিনি ছিলেন সুস্থ, সবল ও ফিট। এখন তার বন্দিত্ব নিয়ে যেসব খবর আসছে, তার সঙ্গে সেই চিত্র মেলানো কঠিন। আর সে কারণেই আজ আমরা আপনাকে লিখছি, কূটনীতিক বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, বরং সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে, যারা মনে করেছি আমাদের কথা বলা উচিত।’

চিঠিতে আরও বলা হয়, ‘মি. খান পাকিস্তানকে তাদের একমাত্র বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হিসেবেও দেশকে নেতৃত্ব দিয়েছেন। অস্ট্রেলিয়ানরা তাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে, একজন ক্রিকেটার হিসেবে, যার দক্ষতা ও নেতৃত্ব আমাদের অভিন্ন খেলায় স্থায়ী ছাপ রেখে গেছে এবং এমন একজন মানুষ হিসেবে, যিনি ক্যানসার হাসপাতাল নির্মাণের মাধ্যমে পাকিস্তানের মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করেছেন।’

‘হিন্দুস্তান টাইমস’-এর সঙ্গে আলাপকালে গ্রেগ চ্যাপেলও পরিষ্কার করেছেন, ইমরানের বিরুদ্ধে রাজনৈতিক বা আইনি মামলা নিয়ে তিনি কিংবা চিঠিতে স্বাক্ষর করা অন্যরা কোনো অবস্থান নিচ্ছেন না। তবে কারাগারে তার সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

চিঠিতে বলা হয়েছে, ‘বিশ্বাসযোগ্য বিভিন্ন প্রতিবেদনের পাশাপাশি, তার নিজের ছেলে ও বোনেরা গত কয়েক মাস ধরে প্রকাশ্যে তার স্বাস্থ্য ও কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। তাদের উদ্বেগের মধ্যে রয়েছে সীমিত চিকিৎসাসেবা, পরিবারের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ এবং আইনি পরামর্শ পাওয়ার সীমিত সুযোগ। আমরা তার বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলায় কোনো অবস্থান নিচ্ছি না। এটি পাকিস্তানের নিজস্ব বিষয়। কিন্তু কারাগারে আটক যেকোনো মানুষের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, তা রাজনীতি যাই হোক না কেন, মৌলিক মানবিকতার বিষয়।’

কেন চিঠি লেখার প্রয়োজন হলো, এমন প্রশ্নের জবাবে চ্যাপেল বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে সে জেলে মারা যাবে।’

চিঠির শেষাংশে অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানানো হয়, ‘অস্ট্রেলিয়ান সরকার যদি সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি বিষয়টি উত্থাপন করে, আমরা কৃতজ্ঞ থাকব। মি. চ্যাপেলও গত কয়েক সপ্তাহে এ বিষয়ে আপনার সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন। আমাদের পক্ষ থেকে সরাসরি আপনার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার সুযোগ পেলে তিনি খুশি হবেন। বিষয়টি বিবেচনা করার জন্য আপনাকে ধন্যবাদ।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html