দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৭ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৪৮ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০০ শিশু। এ নিয়ে এখনও পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৪৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৪৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের। মোট ১ হাজার ২৯৭ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৭১৮ জন। এর মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৫০ হাজার ৬৩৩ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জনের।