ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নতুন বন্ধু তৈরির দিন আজ


October 19, 2026 9:10 am
Link Copied!


জীবনে পুরোনো বন্ধুত্বের গুরুত্ব যেমন অপরিসীম, তেমনই নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া ও বন্ধুত্ব গড়ে তোলাও এনে দিতে পারে আনন্দ, নতুন অভিজ্ঞতা এবং সম্ভাবনার দরজা। আজ ১৯ অক্টোবর নতুন বন্ধু দিবস। দিনটি নতুন সম্পর্কের সৌন্দর্য উদ্‌যাপন এবং বন্ধুত্বের গুরুত্ব মনে করিয়ে দেওয়ার একটি বিশেষ উপলক্ষ।

নতুন বন্ধু দিবসের গুরুত্ব

২০১৯ সালের একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, যুক্তরাষ্ট্রের অনেক প্রাপ্তবয়স্ক মানুষ নতুন বন্ধু তৈরি করতে দ্বিধা বোধ করেন। সে সময় গড়ে একজন মার্কিন নাগরিক গত পাঁচ বছরে নতুন কোনও বন্ধু তৈরি করেননি বলে সমীক্ষায় উঠে আসে। পরবর্তী সময়ে করোনাভাইরাস অতিমারিও নতুন সম্পর্ক গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করে এবং অনেকের পুরোনো বন্ধুত্বেও দূরত্ব তৈরি হয়।

তবে নতুন বন্ধুত্ব জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ঘনিষ্ঠ সামাজিক সম্পর্ক মানসিক সুস্থতা, সুখ ও দীর্ঘায়ুর সঙ্গে সম্পর্কিত। তাই পুরোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার পাশাপাশি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও কাজে লাগানো উচিত।

কী ভাবে তৈরি করবেন নতুন বন্ধুত্ব?

নতুন বন্ধুত্ব গড়ে তোলার জন্য অফিসের সহকর্মী, নতুন প্রতিবেশী কিংবা নিয়মিত দেখা হয় এমন কারও সঙ্গে কথোপকথন শুরু করতে পারেন। সুযোগ বুঝে এক কাপ কফির আমন্ত্রণও জানানো যায়।

নতুন কোনও শখের সঙ্গে যুক্ত হওয়াও হতে পারে বন্ধুত্ব গড়ে তোলার সহজ উপায়। পাখি দেখা, ফটোগ্রাফি, বাগান করা কিংবা সাইকেল চালানোর দলের সঙ্গে যুক্ত হলে একই আগ্রহের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মেলে। অন্যের কথা মন দিয়ে শোনা এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্য দিয়েও সম্পর্ক গভীর হতে পারে।

বন্ধুত্ব নিয়ে দেখুন সিনেমা

বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি কয়েকটি সিনেমা একসঙ্গে দেখতে পারেন নতুন কোনও বন্ধুর সঙ্গে। তালিকায় রয়েছে স্ট্যান্ড বাই মি (১৯৮৬), দ্য ফোর অ্যাডভেঞ্চার্স অব রেইনেট অ্যান্ড মিরাবেল (১৯৮৭), লুকা (২০২১) এবং বিচেস (১৯৮৮)। এই ছবিগুলিতে বন্ধুত্ব, পারস্পরিক গ্রহণযোগ্যতা এবং সময়ের সঙ্গে সম্পর্কের পরিবর্তনের নানা দিক তুলে ধরা হয়েছে।

শিশুদের সঙ্গে ‘মেক নিউ ফ্রেন্ডস (বাট কিপ দ্য ওল্ড)’ গানটিও গাইতে পারেন। গানটির বার্তা সহজ, নতুন বন্ধু তৈরি করার পাশাপাশি পুরোনো বন্ধুত্বের যত্ন নেওয়াও জরুরি।

নতুন বন্ধু দিবস মনে করিয়ে দেয়, বন্ধুত্বের জন্য সব সময় বিশেষ কোনও উপলক্ষের প্রয়োজন হয় না। আন্তরিক কথোপকথন, অন্যের প্রতি আগ্রহ এবং একে অপরকে বোঝার চেষ্টা থেকেই শুরু হতে পারে সুন্দর একটি সম্পর্ক।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html