ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর


October 31, 2026 9:25 pm
Link Copied!


বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৩১ অক্টোবর (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

বিশ্ববাজারে ছয় মাসের সর্বোচ্চে তেলের দাম; ইউক্রেনের কাছে ২১০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের; ইতালিজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, জোরালো হচ্ছে আন্দোলন; হুথিদের মোকাবিলায় কেন ব্যর্থ সৌদি আরব, নেপথ্যে কোন পরাশক্তি?; নির্বাচনে ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প; যেকোনও হুমকিতে তাৎক্ষণিক জবাব দেবে ইরান, সেনাবাহিনীকে খামেনির নির্দেশ- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

বিশ্ববাজারে ছয় মাসের সর্বোচ্চে তেলের দাম

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ আরও তীব্র হতে পারে, এমন আশঙ্কায় তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে এপ্রিলের শেষ থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ক্লোজিং পর্যায়ে পৌঁছেছে। রয়টার্সের বরাতে এ খবর জানা গেছে। ডিসেম্বর ডেলিভারির ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ ডলার ৬৪ সেন্টে নিষ্পত্তি হয়েছে। দিনের কোনও এক সময় তা ১১৮ ডলারেও উঠেছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১০৪ ডলার ১২ সেন্ট।

ইউক্রেনের কাছে ২১০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের কাছে আনুমানিক ২১০ কোটি ডলারে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। শুক্রবার প্রতিষ্ঠানটি এ কথা জানায়। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদ শুরুর পর কিয়েভকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের ক্ষেত্রে এটি অন্যতম তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি ঘোষণা করার এবং রুশ তেল শোধনাগারে হামলা বন্ধে ইউক্রেনের অনিচ্ছার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করার পর ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের উত্তেজনা বাড়িয়েছে। ইউক্রেন দীর্ঘদিন ধরে বলে আসছে, দেশটির দিকে রুশ সেনাবাহিনীর ছোড়া ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে তাদের জরুরি ভিত্তিতে আরও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দরকার। দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সবচেয়ে কার্যকর অস্ত্র প্যাট্রিয়ট ব্যবস্থা।

ইতালিজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, জোরালো হচ্ছে আন্দোলন

উচ্চ মজুরি ও শক্তিশালী গণসেবার দাবিতে, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সামরিক ব্যয় বাড়ানোর প্রতিবাদে শুক্রবার ইতালিজুড়ে রাস্তায় নেমেছেন কয়েক হাজার মানুষ। তাদের বেশির ভাগই শিক্ষার্থী ও শ্রমিক। তৃণমূল ট্রেড ইউনিয়ন ইউনিওনে সিন্দাকালে দি বাজে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেয়। ৪০টির বেশি শহরে বিক্ষোভের পরিকল্পনা ছিল।

হুথিদের মোকাবিলায় কেন ব্যর্থ সৌদি আরব, নেপথ্যে কোন পরাশক্তি?

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে বিশ্ব জ্বালানি বাজারকে আরও টালমাটাল করে দিয়েছে একটি নতুন অনুসন্ধানী তথ্য। সুইজারল্যান্ডের জেনিভাভিত্তিক বেসরকারি গোয়েন্দা সংস্থা অরোরা জিওসিগন্যাল ইন্টেলিজেন্স-এর অনুসন্ধানে উঠে এসেছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় নির্ভুল হামলায় সহায়তা করছে রাশিয়ার সরকারি ও সামরিক স্যাটেলাইট। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে হুথিদের লড়াই দীর্ঘ দিন ধরে চললেও চলতি বছরের জুলাই থেকে তা তীব্র আকার ধারণ করে। সেপ্টেম্বর মাসে লোহিত সাগর উপকূলে পূর্ণ নিয়ন্ত্রণ নেয় হুথিরা।

নির্বাচনে ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা খারাপ ফল করলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর অনুমোদন দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘ট্রাম্প যদি নিজেকে বিব্রত বা ক্ষমতাহীন মনে করেন, তাহলে তিনি বড় কিছু একটা করবেন’। ইরানি কর্মকর্তাদের কাছেও এমন বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাদের বলা হচ্ছে, চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে ভালো সুযোগ এখনই।

যেকোনও হুমকিতে তাৎক্ষণিক জবাব দেবে ইরান, সেনাবাহিনীকে খামেনির নির্দেশ

শত্রুপক্ষের যেকোনও সম্ভাব্য হুমকির জবাবে ‘ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এ তথ্য জানিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। শত্রুপক্ষের সঙ্গে শক্তিশালী সংঘাতের জন্য বুদ্ধিদীপ্ত সামরিক প্রস্তুতিকে ‘সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা’অর্জনের অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেন খামেনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html