ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৬ ঘণ্টা পর স্বাভাবিক হ‌লো মিরপুর সড়ক, কারখানায় ভাঙচুর 

UttorbongoBD
October 31, 2026 10:10 pm
Link Copied!


ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধের পর রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়ক ছেড়েছেন আন্দোলনরত পোশাকশ্রমিকরা। এতে স্বাভাবিক হ‌য়ে‌ছে ওই এলাকার সড়‌কে যান চলাচল।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মিরপুরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধের পর বিকাল সাড়ে ৩টার পর ধাপে ধাপে সড়ক থেকে সরে যান শ্রমিকরা। তবে যাওয়ার পথে শাহ আলী এলাকার হিমালয় গার্মেন্টস, বাগদাদ শপিং কমপ্লেক্স ও মল্লিক টাওয়ার এবং পল্লবী থানার কালশী রোডের স্ট্যান্ডার্ড ২২ তলা গার্মেন্টসে ভাঙচুর চালানো হয়।

পুলিশ জানায়, বিকাল ৩টার দিকে মিরপুর-১০ নম্বর থেকে শ্রমিকরা চলে যাওয়ার সময় মিরপুর-১ নম্বর হয়ে যাওয়ার পথে তৌফিক নামে এক শ্রমিক আহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয়। পরে মিরপুর-১০ থেকে আরও শ্রমিক এসে ওই গার্মেন্টস ও পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালান।

পোশাকশ্রমিকদের আরেকটি দল সড়ক ছেড়ে যাওয়ার সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে শাহ আলী থানার মিরপুর-১ নম্বরে অবস্থিত মল্লিক টাওয়ারে ভাঙচুর চালায়। এ ছাড়া আন্দোলনে যোগ না দেওয়ায় পল্লবী থানার কালশী এলাকার স্ট্যান্ডার্ড ২২ তলা গার্মেন্টসেও ভাঙচুরের ঘটনা ঘটে।

ডিএমপি মিরপুর জোনের এডিসি জাহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা বিকাল সাড়ে ৩টার দিকে সড়ক ছেড়ে দিয়েছেন। তবে যাওয়ার সময় কয়েকটি গার্মেন্টস ও কারখানায় ভাঙচুর করেছেন তারা।

তিনি বলেন, কেন এসব হামলার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html