গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় চার বছরের এক শিশুসহ অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতালের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।
রবিবার (০১ নভেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন ফিলিস্তিনি পুলিশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের ভাষ্য, পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালনের সময় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হন। মন্ত্রণালয় এই ভয়াবহ হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নিতে ও চাপ প্রয়োগ করতে আহ্বান জানিয়েছে, যাতে ইসরায়েল পুলিশ সদস্যদের হত্যা বন্ধ করে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত বছরের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় অন্তত ৭৫ জন পুলিশ ও নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল দক্ষিণ গাজার একজন সন্ত্রাসী।
আলাদা ঘটনায় উত্তর গাজার গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় চার বছরের এক ছেলেশিশুসহ অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল-শিফা হাসপাতালের সূত্র জানায়। হামলায় তাজ মলকেও লক্ষ্যবস্তু করা হয়। এ ছাড়া রবিবার আগের এক হামলায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে।
গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ বলেন, গাজা উপত্যকায় প্রাণঘাতী হামলার খবর দিইনি, এমন একটি দিনের কথা মনে করা কঠিন। তিনি বলেন, গত কয়েক ঘণ্টায় বাস্তুচ্যুত বেসামরিক মানুষের সুরক্ষায় আল-মাওয়াসিতে টহলরত একদল আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য লক্ষ্যবস্তু হন। পাঁচ পুলিশ সদস্য সঙ্গে সঙ্গে নিহত হন।
তিনি আরও বলেন, ওই হামলার এক ঘণ্টা পর গাজা সিটির কেন্দ্রস্থলে রেভল্যুশন স্ট্রিট দিয়ে হেঁটে যাওয়া একজন বাবা ও তার ছেলেসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এক বছরেরও বেশি সময় ধরে চলমান তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলা থামেনি বলেও জানান তিনি।