ডিফেন্ডার শিউলি আজিমের মা আজ সকালে মারা গেছেন। বাংলাদেশ দলে শোকের ছায়া। তাই মাঠের অনুশীলনও হয়নি। তবে বুধবার সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে নেপাল বধের পরিকল্পনা কিন্তু ঠিকই আঁটছে পিটার বাটলারের দল। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি।
সাফের গত সাত আসরের পাঁচটি শিরোপা ভারতের। দুটি বাংলাদেশের। সর্বোচ্চ ছয়বার ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেনি নেপাল। বাংলাদেশের বিপক্ষে সবশেষ দুটি ম্যাচে যথাক্রমে ৩-১ ও ২-১ গোলে হেরে যায় নেপাল।
গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতেছে হিমালয়কন্যারা। সেখানে, মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের আগে বাংলাদেশ কোচ পিটার বাটলার শিউলির মায়ের মৃত্যু নিয়ে বলেছেন, ‘আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিউলির পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানানো এবং তাদের জন্য প্রার্থনা করা। জানেন তো, যখন আপনি কোনো টুর্নামেন্টের এমন পর্যায়ে যখন থাকবেন, তখন মাঝেমধ্যে অতিরিক্ত অনুশীলনেরও একটা ঝুঁকি থাকে। তাই আমার মনে হয় না, শিউলির মায়ের মৃত্যুর কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। মানসিক দৃষ্টিকোণ থেকে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি দলের বেশ অভিজ্ঞ একজন সদস্য এবং সবার কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয়।’
নেপাল ম্যাচে সবাই কে সর্বোচ্চটি দিয়ে খেলার আহবান কোচের,’তবে, প্রস্তুতির দিক থেকে দেখলে, আমি মনে করি, আমাদের হাতে থাকা সুবিধাগুলোর সর্বোচ্চ ব্যবহার করতে হবে; যেমন, ভিডিও অ্যানালাইসিস বা এখানকার চারপাশের পরিবেশ, যা বেশ সতেজ। আমরা আজ বিকেলে হাঁটতেও বেরিয়েছিলাম। আজ আমরা ফুটবলে একটা কিক দেইনি ঠিকই, তবে আমার মনে হয় না, এটা আমাদের জন্য কোনো অসুবিধা তৈরি করবে। এই বিরতিটা সবাইকে কিছুটা সময় দিয়েছে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে ভাবার এবং উপলব্ধি করার যে, জীবন কখনো কখনো কতটা ছোট এবং নিষ্ঠুর হতে পারে।’
ইতিবাচক মানসিকতা নিয়ে খেলার আহবান ইংলিশ কোচের,’আমি মেয়েদের ঠিক এটাই বলছিলাম যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রস্তুত করা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। মূল চ্যালেঞ্জটা হলো দুঃখ, মর্মান্তিক ঘটনা এবং বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে আছি, সেই শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা। কাজটা মোটেও সহজ নয়। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মেয়েরা মাঠে গিয়ে দারুণ পারফরম্যান্স দেখানোর সক্ষমতা রাখে।’