মেক্সিকো সিটিতে বিশ্বকাপ উদযাপনের সময় দম বন্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বলে এক রিপোর্টে উল্লেখ করেছে ইএসপিএন।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মেক্সিকো সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক পাসেও দে লা রেফরমার কাছাকাছি এলাকায়। সেখানে এস্তাদিও আজতেকায় ইকুয়েডরের বিরুদ্ধে ২-০ গোলে জিতে যৌথ-আয়োজক মেক্সিকোর শেষ ষোলোয় পৌঁছানো উদযাপন করতে হাজার হাজার ফুটবল ভক্ত জড়ো হয়েছিলেন।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দম বন্ধ হয়ে মারা যাওয়া একজন ৪৪ বছর বয়সী পুরুষ, ১৯ ও ৪৮ বছর বয়সী দুই নারী।
মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মলিনা এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, স্থানীয় স্বাস্থ্য পরিসেবাগুলোর প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকো সিটির স্বাস্থ্যসেবা টিমগুলো পাসেও দে লা রেফরমার কাছাকাছি বিভিন্ন স্থানে তিন জন অচেতন ব্যক্তির সন্ধানের পর তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছায়। সব ধরনের চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রোটোকল দেওয়া হয়েছিল; তবে দুর্ভাগ্যবশত, তারা প্রাণ হারিয়েছেন।
১৯৮৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে বুলগেরিয়াকে পরাজিত করার পর থেকে মেক্সিকো নকআউট পর্বের কোনও ম্যাচে জয় পায়নি। দীর্ঘ ৩০ বছর পর তারা বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে।