ঢাকাSaturday , 11 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বয়স কি মেসিকে থামাতে পারবে?


July 11, 2026 8:35 am
Link Copied!


বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন লিওনেল মেসি। তবে কোয়ার্টার ফাইনালের আগে বড় প্রশ্ন, টানা দুটি কঠিন নকআউট ম্যাচের ধকল সামলে ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা কি সুইজারল্যান্ডের বিপক্ষেও একই ছন্দ ধরে রাখতে পারবেন?

লিওনেল স্ক্যালোনির দল গ্রুপ পর্ব অনায়াসে উতরে গেলেও নকআউটে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। শেষ ৩২-এ বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দেকে হারাতে খেলতে হয়েছে অতিরিক্ত সময়। এরপর শেষ ষোলোয় মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচের সবকটিই জিতেছে আর্জেন্টিনা। সেই সাফল্যের কেন্দ্রে ছিলেন মেসি। তার সঙ্গে দলীয় ঐক্য ও হার না মানা মানসিকতাও স্ক্যালোনির দলের বড় শক্তি হয়ে উঠেছে।

মিসরের বিপক্ষে একটি পেনাল্টি মিস করলেও ম্যাচের শেষ দিকে গুরুত্বপূর্ণ গোল করে দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান মেসি। আটলান্টায় রুদ্ধশ্বাস সেই জয়ের পর আবেগাপ্লুত হয়ে ইন্টার মায়ামি ফরোয়ার্ড বলেছেন, ‘এটা ছিল আনন্দ আর স্বস্তির মুহূর্ত। আমরা টুর্নামেন্টে টিকে থাকতে চেয়েছিলাম। আজই বিদায় নিতে চাইনি, দেশে ফিরতে চাইনি।’

কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিট খেলার পর ক্লান্তির কথা স্বীকার করেছিলেন মেসি। তবে মিসরের বিপক্ষে আবারও পুরো ম্যাচ খেলেছেন তিনি। বয়স বাড়লেও আর্জেন্টিনার জন্য তার গুরুত্ব যে এতটুকু কমেনি, সেটাই যেন আরও একবার প্রমাণ করেছেন।

শনিবার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। এ মাঠেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। স্বাভাবিকভাবেই সেই স্মৃতি তাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে পারে।

চলতি আসরে তার গোলসংখ্যা এখন ৮, যা গোল্ডেন বুটের আরেক দাবিদার কিলিয়ান এমবাপ্পের সমান। একই সঙ্গে বিশ্বকাপে ক্যারিয়ারের ২১তম গোল করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনেও উঠে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির জাদুর পাশাপাশি আর্জেন্টিনার আরেকটি বড় শক্তি তাদের দলীয় ঐক্য। বিশ্বকাপে টানা ১১ ম্যাচ অপরাজিত স্ক্যালোনির শিষ্যরা। তাদের লক্ষ্য ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়া।

স্ক্যালোনি বলেছেন, ‘এখন থেকে যাই ঘটুক না কেন, এই দল কখনোই বিশ্বাস হারায় না। সবকিছু প্রতিকূলে গেলেও তারা লড়াই চালিয়ে যায়।’

মিডফিল্ডার এনসো ফার্নান্দেসও একই সুরে বলেছেন, ‘যত প্রতিকূলতাই আসুক, এই দল কখনো হার মানে না।’

তবে সামনে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা। আত্মবিশ্বাসী সুইজারল্যান্ডকে হারাতে হলে আবারও মেসির জাদু যেমন দরকার হবে, তেমনি পুরো দলকেও খেলতে হবে নিজেদের সেরাটা দিয়ে। আর আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা, আরও একটি জাদুকরী পারফরম্যান্স দিয়েই বিশ্বকাপযাত্রা দীর্ঘায়িত করুক তাদের অধিনায়ক।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html