সরকার গঠনের পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। একইসঙ্গে দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে— এমন প্রত্যাশায় রয়েছেন এ অঞ্চলের মানুষ।
বর্ষার কারণে সেখানে থাকছে না দলীয় কোনও জনসভা। তবে জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী সকালে গৌরনদী উপজেলার বাটাজোরে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশায় রয়েছে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহসহ দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প। স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।