পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে নাগরিক সমাজের প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীপেন দেওয়ান শুধু রাঙামাটি আসনেই নয়, সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব সম্প্রদায়ের আস্থাভাজন ও পাহাড়ের জনপ্রিয় নেতা হিসেবে দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একজন সফল আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত ক্যারিয়ার ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে তিনি রাজনীতিতে যোগ দেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও জনগণের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাকে মন্ত্রী পদ থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা পার্বত্য অঞ্চলে চলমান উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবি জানান।
রাঙামাটির শাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস. এম. মঈন উদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং রেজাউর রশিদ পাপ্পুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, জুম ইসথেটিক কাউন্সিল (জাক)-এর সভাপতি শিশির চাকমা, রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুজিত দেওয়ান প্রমুখ।