ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড


July 29, 2026 3:35 pm
Link Copied!


অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্তাস ২৪ ঘণ্টারও বেশি সময় আকাশে থেকে ইতিহাসের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার দাবি করেছে। এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ ২৪ ঘণ্টার বেশি সময় আকাশে থাকার পর ফ্রান্সের তুলুজে অবতরণ করেছে। দীর্ঘদিন ধরে বিলম্বিত ‘প্রজেক্ট সানরাইজ’-এর জন্য এটিকে বড় একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এয়ারবাস ও ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ২৭ জুলাই স্থানীয় সময় বিকাল ৫টা ২৭ মিনিটে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যাত্রা শুরু করে। ২৮ জুলাই স্থানীয় সময় সকাল প্রায় ৯টা ৫২ মিনিটে ফ্রান্সের তুলুজে এয়ারবাসের সদর দফতরে অবতরণ করে। পুরো যাত্রায় সময় লাগে ২৪ ঘণ্টা ২৩-২৪ মিনিট এবং এটি ২৩ হাজার ৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে। যাত্রাপথে উড়োজাহাজটি প্রশান্ত মহাসাগর, যুক্তরাষ্ট্র, কানাডা ও আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উড়ে যায়।

এর মাধ্যমে ২০০৫ সালে হংকং-লন্ডন পরীক্ষামূলক ফ্লাইটে বোয়িং ৭৭৭-২০০এলআরের গড়া ২২ ঘণ্টা ৪২ মিনিটের আগের রেকর্ড ভেঙে যায়।

এফ-ডব্লিউইউএলআর নিবন্ধিত উড়োজাহাজটি অবতরণের আগে একবার ‘গো-অ্যারাউন্ড’ করে। এ সময় ফ্লাইটটি সরাসরি অনুসরণ করেন এক লাখ ২০ হাজারের বেশি মানুষ। ফ্লাইটরাডার২৪ জানায়, ৩৬ লাখের বেশি মানুষ এই যাত্রার অগ্রগতি অনুসরণ করেছেন। তাদের তথ্য অনুযায়ী, এটি প্ল্যাটফর্মটির ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক অনুসরণ করা ফ্লাইট। শুধু রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বহনকারী ফ্লাইটটি এর চেয়ে বেশি মানুষের নজর কেড়েছিল।

এটি একটি বিশেষভাবে পরিবর্তিত এয়ারবাস এ৩৫০-১০০০ইউএলআর বা আল্ট্রা লং রেঞ্জ উড়োজাহাজ। এতে অতিরিক্ত ২০ হাজার লিটারের জ্বালানি ট্যাংক যুক্ত করা হয়েছে, যাতে অতি দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনা সম্ভব হয়। গত জুন থেকে দুই মাসব্যাপী সনদায়ন কর্মসূচির অংশ হিসেবে উড়োজাহাজটির পরীক্ষা চালাচ্ছে এয়ারবাস।

এর মাত্র এক সপ্তাহ আগে একই উড়োজাহাজ ভারত মহাসাগর হয়ে তুলুজ থেকে মেলবোর্নে ১৯ ঘণ্টার কিছু বেশি সময়ে পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছিল।

সর্বশেষ এই পরীক্ষামূলক উড্ডয়নে প্রকৌশলীরা পরিবর্তিত জ্বালানি ব্যবস্থা, কেবিনের শব্দের মাত্রা, বায়ু চলাচল ব্যবস্থা এবং প্রায় এক দিনব্যাপী ফ্লাইটের জন্য তৈরি অন্যান্য প্রযুক্তি মূল্যায়ন করেন। ফ্লাইটে মোট ১২ জন ছিলেন। তাদের মধ্যে ছিলেন এয়ারবাসের আটজন পরীক্ষাকর্মী, কান্তাসের দুই পাইলট এবং এয়ারবাসের দুই প্রকৌশলী।

কান্তাস প্রজেক্ট সানরাইজ-এর জন্য ১২টি এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজের অর্ডার দিয়েছে। প্রতিটি উড়োজাহাজে ২৩৮ জন যাত্রী বহন করা যাবে। আবহাওয়ার ওপর নির্ভর করে এগুলো সিডনি থেকে লন্ডন বা নিউইয়র্কে ১৯ থেকে ২১ ঘণ্টায় বিরতিহীন ফ্লাইট পরিচালনার জন্য তৈরি করা হয়েছে।

প্রথম উড়োজাহাজটি ২০২৭ সালের এপ্রিলে সরবরাহ পাওয়ার কথা রয়েছে। একই বছরের অক্টোবর থেকে প্রতিদিন সিডনি-লন্ডন বিরতিহীন ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

প্রায় এক দশক ধরে উন্নয়নাধীন প্রজেক্ট সানরাইজ একাধিকবার বিলম্বের মুখে পড়েছে। এটি চালু হলে ঐতিহাসিক ক্যাঙ্গারু রুটে একসময় পাঁচ দিন লাগা যাত্রা একটানা একটি ফ্লাইটেই সম্পন্ন করা সম্ভব হবে।

বর্তমানে বিশ্বের দীর্ঘতম নিয়মিত বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট হিসেবে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিঙ্গাপুর-নিউইয়র্ক বিরতিহীন রুট। অন্য একটি এয়ারবাস এ৩৫০ সংস্করণে পরিচালিত এই ফ্লাইটটি প্রায় ১৫ হাজার ৩৫০ কিলোমিটার পথ ১৮ ঘণ্টার কিছু বেশি সময়ে অতিক্রম করে।

সূত্র: এনডিটিভি





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html