সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেশের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকরির পরীক্ষাগুলোর একটি। বিপুলসংখ্যক পরীক্ষার্থীর মাঝে নিজের স্থান করে নিতে প্রয়োজন সুপরিকল্পিত ও গোছানো প্রস্তুতি। একদম শুরু থেকে কীভাবে প্রস্তুতি নিলে সফল হওয়া সম্ভব, তার একটি দিকনির্দেশনা নিচে দেওয়া হলো।
১. বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ ও সিলেবাস ধারণা
প্রস্তুতির শুরুতেই বিগত ৫-১০ বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রগুলো ভালোভাবে সমাধান করতে হবে। এতে প্রশ্নের ধরন, মানবণ্টন এবং কোন কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সাধারণত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান— এই চারটি বিষয়ের ওপর ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়।
২. বিষয়ভিত্তিক গোছানো প্রস্তুতি
বাংলা: ব্যাকরণ অংশের ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। সন্ধি, সমাস, কারক-বিভক্তি, শব্দ, পদ, শুদ্ধ বানান ও বিপরীত শব্দ থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। সাহিত্যের জন্য প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগের বিখ্যাত কবি-সাহিত্যিকদের (যেমন: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রমথ চৌধুরী) জীবনী ও সৃষ্টি কর্ম ভালোভাবে পড়তে হবে।
ইংরেজি: ইংরেজিতে ভালো করার মূল চাবিকাঠি হলো গ্রামার, পার্টস অব স্পিচ, টেন্স, রাইট ফর্মস অব ভার্বস, ভয়েস, ন্যারেশন, কারেক্ট স্পেলিং এবং প্রিপজিশন খুব ভালো করে ঝালিয়ে নিতে হবে। এছাড়া ভোকাবুলারি, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এবং সিনোনিম–অ্যান্টোনিম নিয়মিত মুখস্থ করার অভ্যাস করতে হবে।
গণিত: গণিতের ভয় দূর করতে অষ্টম থেকে দশম শ্রেণির বোর্ড বইয়ের গণিত সমাধান করা যেতে পারে। পাটিগণিতের শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, অনুপাত-মিশ্রণ এবং লসাগু-গসাগু থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এছাড়া বীজগণিতের মান নির্ণয় ও উৎপাদক এবং জ্যামিতির মৌলিক বিষয়গুলো (কোণ, ত্রিভুজ, বৃত্ত) আয়ত্তে আনতে হবে।
সাধারণ জ্ঞান ও সমসাময়িক: বাংলাদেশ বিষয়াবলির মধ্যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ভৌগোলিক অবস্থান, সম্পদ এবং সরকারের মেগা প্রজেক্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন দেশ, মুদ্রা, রাজধানী এবং গুরুত্বপূর্ণ সংস্থা সম্পর্কে জানতে হবে। নিয়মিত দৈনিক পত্রিকা পড়ার পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বা সমসাময়িক তথ্যের বই পড়া উচিত।
৩. টেক্সট বুক বা বোর্ড বইয়ের ওপর জোর
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি বড় অংশের প্রশ্ন পঞ্চম থেকে দশম শ্রেণির বোর্ড বই (বিশেষ করে বাংলা, গণিত এবং সাধারণ বিজ্ঞান) থেকে সরাসরি এসে থাকে। তাই যেকোনো গাইড বই পড়ার পাশাপাশি বোর্ড বইগুলো অন্তত একবার রিভিশন দেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
৪. নিয়মিত মডেল টেস্ট ও সময় ব্যবস্থাপনা
বাসায় বসে ঘড়ি ধরে বিগত বছরের প্রশ্ন বা মডেল টেস্ট দেওয়ার অভ্যাস করতে হবে। পরীক্ষায় ৮০টি প্রশ্নের জন্য সময় থাকে মাত্র ৬০ মিনিট। তাই জানা প্রশ্ন যেন সময়ের অভাবে ছুটে না যায়, সে জন্য পরীক্ষার হলের মতো পরিবেশে বারবার পরীক্ষা দেওয়া প্রয়োজন। এতে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে তা শুধরে নেওয়া যায়।
৫. নেগেটিভ নম্বর মাথায় রাখা
মনে রাখতে হবে, প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যায়। তাই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় থেকেই নির্ভুল উত্তর দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। আন্দাজে উত্তর দাগানোর অভ্যাস বাদ দেওয়াই শ্রেয়।
প্রাথমিক শিক্ষক নিয়োগে সফল হতে দরকার ধৈর্য ও নিয়মিত পড়াশোনা। প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা রুটিন মাফিক পড়াশোনা করলে এবং নিজের দুর্বল জায়গাগুলো বারবার চর্চা করলে প্রথমবারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।