বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘আমি বাংলাদেশি, এখানে এসেছি বাংলাদেশের মিনিস্টার হিসেবে। আমার মনে আমার দেশপ্রেম, আমার অবস্থান নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। মানে বাংলাদেশে এসে, দেশের জন্য কাজ করা… কোনও সুবিধাভোগী লোক তো এটা করবে না।’
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
পরে এক সাংবাদিক বলেন, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তবে গতকাল একটি গণমাধ্যমে নিউজ প্রকাশের পর নেটিজেনরা এটি নিয়ে ঝড় তুলেছেন। পরে প্রতিমন্ত্রী হাস্যরসাত্মকভাবে এর জবাবে বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আসি, আপনি বলেন নেটিজেন। মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আসি।’
বিদেশি নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘নেটিজেনরা গতকালকে যে ঝড় তুলেছে, আসলে…।’
এ সময় সাংবাদিকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা হচ্ছে এবং এ নিয়ে একটি নিউজও হয়েছে।
পরে প্রতিমন্ত্রী বলেন, ‘কোন নিউজপেপার? কার এত জ্বালা কাজ-কর্ম বাদ দিয়া? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার মইনুদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠছে?’
দেশের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ, সকল দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়—এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতারা আছেন, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।’