ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার


September 15, 2026 7:50 pm
Link Copied!


রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন সংস্থার উন্নয়নকাজ সমন্বিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সড়ক বারবার খোঁড়াখুঁড়ি বন্ধ এবং উন্নয়নকাজের কারণে জনদুর্ভোগ ও যানজট কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা শহরের মেগা প্রকল্পের কারণে সৃষ্ট যানজট রোধে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব উন্নয়নকাজ যেন সমন্বিতভাবে হয়, সে জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নিয়ে বৈঠক করেছি। একই জায়গায় যেন একাধিক সংস্থা বারবার খোঁড়াখুঁড়ি না করে, সেটাই আমাদের উদ্দেশ্য।’

তিনি জানান, বর্তমানে এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক ও মহাসড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা, বিদ্যুৎ ও অন্যান্য সেবা সংস্থার বিভিন্ন উন্নয়নকাজ চলছে। এসব কাজে সমন্বয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজ আমরা বেশ কিছু নির্দেশনা দিয়েছি। ১৫ দিন পর আবার বসে দেখবো, সেগুলো কতটা বাস্তবায়ন হয়েছে।’

কর্মকর্তা পর্যায়ে নিয়মিত সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর ফোকাল পয়েন্টও নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নেতৃত্বেও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সভা হচ্ছে।

একই সড়ক বারবার খোঁড়াখুঁড়ি বন্ধ

বর্ষাকালে সড়ক খোঁড়াখুঁড়ির কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সংস্থা কাজ শেষ করার পর একই জায়গায় অন্য সংস্থার কাজ শুরু করার প্রবণতা বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘বিদ্যুৎ বিভাগ কাজ শেষ করে রাস্তা মেরামত করল, কিছুদিন পর গ্যাসের জন্য আবার সেটি খোঁড়া হলো—এটা বন্ধ করতে হবে। একই সময়ে করা সম্ভব এমন কাজগুলো সমন্বয় করে একসঙ্গে করতে হবে।’

এমআরটি নির্মাণের জন্য বিভিন্ন এলাকায় ইউটিলিটি স্থানান্তরের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এসব কাজে ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় জরুরি। উন্নয়নকাজ যেন নতুন করে যানজট তৈরি না করে, সেদিকেও নজর রাখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার কাজও চলছে। এতে নগরবাসী কিছুটা স্বস্তি পাচ্ছে এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরছে বলে দাবি করেন তিনি।

সড়কের নিচে গ্যাস, বিদ্যুৎ, পানি ও অন্যান্য সেবার জন্য সমন্বিত ইউটিলিটি ডাক্ট বা লাইন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজন অনুযায়ী বিষয়টি বিবেচনা করবে।

তিনি বলেন, ‘রাতারাতি বড় পরিবর্তন সম্ভব নয়। আমরা কাজ শুরু করেছি। আশা করি, একদিন এমন ব্যবস্থায় যেতে পারবো।’

বাস টার্মিনাল সরানোর পরিকল্পনা

রাজধানীর বাস টার্মিনালগুলো পর্যায়ক্রমে শহরের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বাসস্ট্যান্ডগুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে। স্থানান্তরের মধ্যবর্তী সময়ে বাসগুলো কোথায় থাকবে, সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। মহাখালী ও ফুলবাড়িয়াসহ বিভিন্ন জায়গা নিয়ে কাজ হচ্ছে।’

নতুন বাস টার্মিনালের জন্য নির্ধারিত জমি অধিগ্রহণ ও উন্নয়নের কাজ শেষ হলে পরিকল্পনাগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

সমন্বয়ের জন্য আলাদা জাতীয় কমিটি গঠন করা হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো নিজেদের মধ্যে আন্তমন্ত্রণালয় সভা করছে। পাশাপাশি সরকারের উচ্চপর্যায় থেকেও এসব কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

ব্যাটারিচালিত রিকশা ‘শৃঙ্খলায়’ আনার উদ্যোগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব যানবাহনকে একটি শৃঙ্খলার মধ্যে আনার সিদ্ধান্ত হয়েছে এবং এ বিষয়ে নীতিমালাও করা হয়েছে

তিনি বলেন, ‘অবৈধভাবে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নিয়ে যেসব চার্জিং পয়েন্ট তৈরি হয়েছে, সেগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। বেশ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

তবে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবিকা বন্ধ করতে চায় না সরকার জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই না রাতারাতি অনেক মানুষ বেকার হয়ে যাক। তাই বিষয়টিকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে।’

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল প্রসঙ্গে তিনি বলেন, নীতিমালা অনুযায়ী ছোট তিন চাকার যান মূল সড়কে চলার কথা নয়। বর্তমানে ব্যাটারিচালিত রিকশার বিষয়টিই সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে এবং সিটি করপোরেশন এ বিষয়ে কাজ করছে।

স্থানীয় নির্বাচন নিয়ে ইসির সূচি ‘সম্ভাব্য পরিকল্পনা’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যে পরিকল্পনার কথা জানিয়েছে, সেটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়; বরং সম্ভাব্য পরিকল্পনা।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যে পরিকল্পনা দিয়েছে, সেটি চূড়ান্ত নয়। ১৭ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয় সভার পর সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে তারা নির্বাচনি তফসিল চূড়ান্ত করবে বলে মনে করি।’

তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি আন্তমন্ত্রণালয় সভা ডেকেছে। সেখানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা অংশ নেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরিচালিত হয় এবং স্থানীয় সরকার নির্বাচনও সংশ্লিষ্ট আইন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ ধরনের নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের মিছিল: ‘গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই’

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির কিছু নেতাকর্মী মাঝেমধ্যে ‘অপতৎপরতা’ চালানোর চেষ্টা করছে।

তিনি বলেন, ‘ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে দু-একটি মিছিল করে ভিডিও করার ঘটনা দেখেছি। গুলশানেও কিছু লোক জড়ো হয়ে মিছিল করেছে। পরে আমরা ব্যবস্থা নিয়েছি।’

এ ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু ওই সময়ে তারা এমন কিছু করবে, পুলিশ হয়তো তা আন্দাজ করতে পারেনি। এটাকে গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই।’

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ তদন্ত হচ্ছে

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের কাজ চলছে। আদালতের একটি রায়ের প্রতিক্রিয়ায় হয়তো ককটেল নিক্ষেপ করা হয়েছে। আমরা বিষয়টি খুঁজে বের করবো।’

আদালতের রায় নিয়ে সরকারের মন্তব্য নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত স্বাধীন এবং আদালতের রায়ের ওপর সরকারের কোনও মন্তব্য নেই।

তিনি বলেন, ‘আমরা মনে করি, আদালতের কাছে ভুক্তভোগী ও দেশবাসী সুবিচার পেয়েছেন। আদালত স্বাধীনভাবে যথাযথ রায় দিয়েছেন।’

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে নিয়ে নতুন কোনও অগ্রগতি আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে জাতীয় সংসদে আগে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কিছু বলার নেই।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html