প্রায় একশ’ বছর পর প্রথমবারের মতো নতুন একটি বিড়াল প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বলিভিয়ার বনাঞ্চলে পাওয়া ছোট আকারের এই বিড়ালের নাম দেওয়া হয়েছে লিওপার্ডাস টিলকায়ো বা টিলকায়ো টাইগার ক্যাট।
চিতাবাঘের মতো দাগ ও ডোরাকাটা থাকার কারণে এতদিন বিড়ালটিকে অন্য বন্য বিড়ালের সঙ্গে গুলিয়ে ফেলা হতো। সরু গড়ন ও গোলাকার কানযুক্ত এই প্রজাতিটি বলিভিয়ান ইয়ুঙ্গাস অঞ্চলে বাস করে, যেখানে আন্দিজ পর্বতমালা আমাজন অববাহিকার সঙ্গে মিলেছে।
বৃহস্পতিবার কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় এ আবিষ্কারের বিস্তারিত জানানো হয়েছে। জীবিত প্রাণী ও জাদুঘরে সংরক্ষিত নমুনার ডিএনএ পরীক্ষা করে গবেষকেরা নিশ্চিত হয়েছেন, এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি।
গবেষকেরা বলছেন, বন্য পরিবেশে ঠিক কতটি টিলকায়ো টাইগার ক্যাট রয়েছে, তা এখনও জানা যায়নি। বর্তমানে বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে এই প্রজাতির মাত্র একটি জীবিত সদস্যের সন্ধান নিশ্চিত করা হয়েছে। তবে গবেষকদের ধারণা, বন্য পরিবেশে আরও সদস্য রয়েছে। গবেষক পাওলা নোগালেস-আসকারুনস বলেন, সাধারণত নতুন আবিষ্কৃত প্রজাতি ছোট আকারের হয়ে থাকে। তবে এবার একটি বিড়াল প্রজাতির সন্ধান পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গত ১০০ বছরে এমন ঘটনা ঘটেনি।
গবেষকেরা আশা করছেন, নতুন প্রজাতিটির সন্ধান দক্ষিণ ও মধ্য আমেরিকার ছোট বন্য বিড়াল সংরক্ষণের উদ্যোগকে আরও জোরদার করবে। তাদের মতে, কোনও প্রজাতির অস্তিত্ব সম্পর্কে জানা না থাকলে সেটিকে সংরক্ষণ করাও সম্ভব নয়।
সূত্র: উইয়ন নিউজ