ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুবাই-শারজায় কিংবদন্তিদের মেলা, বাংলাদেশের হয়ে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ


September 21, 2026 10:10 am
Link Copied!


মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের দুই প্রজন্মের পরিচিত মুখ। এবার বিশ্ব ক্রিকেটের সাবেক ও বর্তমান তারকাদের সঙ্গে আবারও মাঠে নামার অপেক্ষায় তারা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের হয়ে খেলবেন এই দুই ক্রিকেটার। দুবাই ও শারজায় বসতে যাওয়া এবারের আসরে থাকছে ক্রিকেটের বহু পরিচিত মুখের সমাগম। 

তৃতীয় মৌসুমে আরও তারকাবহুল দল নিয়ে ফিরছে চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস। আগামী ৩ অক্টোবর শুরু হবে প্রতিযোগিতা। সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি ভারত-পাকিস্তান দ্বৈরথ, যা ১০ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

অন্যান্য লিজেন্ডস টুর্নামেন্টের তুলনায় শুরু থেকেই নিজেদের আলাদা বৈশিষ্ট্য তৈরি করেছে এটি। সাবেক কিংবদন্তিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন শীর্ষ লিগে এখনও সক্রিয় ক্রিকেটারদের একসঙ্গে নিয়ে দল সাজানো হয় এই টুর্নামেন্টে। ফলে দর্শকদের প্রিয় ক্রিকেটারদের আবারও জাতীয় দলের রঙে মাঠে দেখার সুযোগ তৈরি হয়। এর প্রথম আসরের শিরোপা জিতেছিল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে হারানোর সেই ম্যাচটি ছিল টুর্নামেন্টের অন্যতম আলোচিত লড়াই। দ্বিতীয় আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সকে শিরোপা এনে দেন এবি ডি ভিলিয়ার্স।

তৃতীয় আসরে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স দলে থাকছেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের হয়ে খেলবেন ডেভিড ওয়ার্নার, ক্রিস লিন, উসমান খাজা ও ডি’আর্কি শর্ট।

ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স দলে থাকছেন ডেভিড মালান, জেসন রয় ও মঈন আলী। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে থাকছেন এবি ডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসিস। তাদের সঙ্গে থাকছেন ইমরান তাহিরও।

পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলে আবারও দেখা যাবে শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের মতো পরিচিত তারকাদের।

ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সকে নেতৃত্ব দেবেন যুবরাজ সিং। তার সঙ্গে থাকছেন হরভজন সিং, ইরফান পাঠান, রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠানের মতো জনপ্রিয় ক্রিকেটাররা। দলের আরও কয়েকজন ক্রিকেটারের নাম পরে ঘোষণা করা হবে।

এর দ্বিতীয় আসর বিশ্বজুড়ে প্রায় ৪৯ কোটি ৫০ লাখ দর্শক দেখেছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের দাবি, আইপিএলের পর এটিই ছিল বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দেখা ক্রিকেট লিগ। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html