বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, ‘পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেফতার দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি বর্তমান সরকার করে নাই, করেছিল ড. ইউনূসের সরকার। তবে বেনজীরের গ্রেফতার বাংলাদেশের একটা অর্জন। কিন্তু তিনি দুবাইয়ের কারাগারে থাকবেন নাকি দেশে আনা হবে, তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।’ রবিবার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জামায়াত আমির এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল ড. ইউনূসের সরকার। এই সরকারের আমলে এসে বেনজীর ধরা পড়েছে। অপরাধী যেই হোক, যত ক্ষমতাধরই হোক; যদি কেউ দেশ ও জাতির বিরুদ্ধে অপরাধ করে থাকে; তাকে আইনের আওতায় আনতে হবে। বেনজীরের গ্রেফতার বাংলাদেশের একটা অর্জন, তবে মূল অর্জন হবে; তাকে ফিরিয়ে এনে শান্তির মুখোমুখি করা; বিচারের মুখোমুখি করা। বেনজীর দেশ থেকে পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল। তার অনেকগুলো উসকানিমূলক অডিও ফাঁস হয়েছে। এ রকম মানুষকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। রবিবার সংসদে তাকে গ্রেফতারে অভিনন্দন জানানো হলেও আসল অভিনন্দন জানানো হবে তাকে দেশে ফিরিয়ে আনার পর।’
শফিকুর রহমান বলেন, ‘হাদির হত্যাকারীদের এখনও ফিরিয়ে আনা হয়নি, ফিরিয়ে আনার কোনও লক্ষণও দেখতে পাচ্ছি না। এ নিয়ে কোনও উদ্যোগও নেই। হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে আনতে হবে।’