ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীরা বাইরে আড্ডা দিলে গ্রেফতার করবে পুলিশ: ডিআইজি


November 1, 2026 6:00 pm
Link Copied!


সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে তাদের আটক ও গ্রেফতার করা হবে বলে সতর্ক করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেছেন, ‘কক্সবাজার শহরের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা সন্ধ্যা-রাতে অকারণে ঘরের বাইরে আড্ডা দিলে গ্রেফতার করবে পুলিশ। উপযুক্ত প্রমাণ না থাকলে এবং অতীতে অপরাধে জড়িত থাকার রেকর্ড থাকলে আইনগতভাবে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে শনিবার সন্ধ্যায় ‘নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমন’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘পর্যটন শহর কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক অবক্ষয় রোধে শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকারও দরকার। অপরাধ দমনে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

কিশোর গ্যাং নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, অভিভাবকদেরও এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানেরা কোথায় যায়, কোথায় আড্ডা দিচ্ছে খোঁজখবর রাখতে হবে।

নারীর প্রতি সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে ডিআইজি বলেন, আশপাশে কোথাও যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা ঘটলে চুপ না থেকে সবাইকে একযোগে তার প্রতিবাদ জানাতে হবে। উন্নয়ন বলতে শুধু ইট-পাথর ও দালানকোঠার উন্নয়নকে বোঝায় না, মানুষের মানসিকতারও উন্নয়ন ঘটাতে হবে। তবেই সমাজ থেকে অপরাধ দূর হবে।

জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার। এতে আরও বক্তব্য দেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html