ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অভাবে মেয়েকে বিক্রি করলেন বাবা, স্ত্রীকে বলেছিলেন, ‘জিনে নিয়ে গেছে’

UttorbongoBD
June 19, 2026 12:00 pm
Link Copied!


অভাবের দোহাই দিয়ে নিজের এক মাস বয়সী মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলেন বাবা। ঘটনা আড়াল করতে স্ত্রীর কাছে নাটক সাজিয়ে বলেছিলেন, ‘মেয়েকে জিন-পরি নিয়ে গেছে।’ বিষয়টি বিশ্বাসযোগ্য করতে বাড়িতে ওঝা-কবিরাজ ডেকে ঝাড়ফুঁকও করিয়েছিলেন। অবশেষে ২২ দিন পর উদ্ধার করে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ৮টায় মাগুরার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৭ মে পবিত্র ঈদুল আজহার আগের দিন বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী এলাকার বাসিন্দা সাগর হোসেন (৩৪) তার নবজাতক কন্যা টুকটুকিকে বিক্রি করে দেন। দত্তক হিসেবে ক্রেতা ছিলেন সদর উপজেলার দক্ষিণ বীরপুর এলাকার বাসিন্দা মো. শাহাবুর (২৮) ও মনিরা খাতুন (২৫) দম্পতি। ২৫ হাজার টাকার বিনিময়ে একটি স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে এই অবৈধ লেনদেন সম্পন্ন হয়। এ ঘটনায় মধ্যস্থতাকারী হিসেবে আরও অন্তত তিন জন ভূমিকা রাখেন।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, সন্তানকে বিক্রির সময় সাগর প্রতারণার আশ্রয় নেন। তিনি ওই দম্পতির সামনে অন্য এক নারীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে দাবি করেন, তার স্ত্রী ক্যানসারে আক্রান্ত এবং চিকিৎসার খরচ জোগাতেই তিনি সন্তান বিক্রি করছেন। অন্যদিকে নিজের আসল স্ত্রী তানজিলা খাতুনের কাছে বাচ্চার নিখোঁজ হওয়া নিয়ে ‘জিনে নেওয়ার’ গল্প ফাঁদেন এবং জিনের মাধ্যমেই বাচ্চা ফেরত আনা হবে আশ্বাস দিয়ে ২১ দিন অতিবাহিত করেন।

বাচ্চার খোঁজ না পেয়ে তানজিলা খাতুন ব্যাকুল হয়ে পড়েন এবং বুধবার শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শুভংকর রায়কে জানান। এরপর তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় বৃহস্পতিবার বেলা ২টার দিকে শাহাবুর ও মনিরা দম্পতির হেফাজত থেকে শিশু টুকটুকিকে উদ্ধার করে পুলিশ। এরপর শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, দারিদ্র্য কখনোই সন্তান বিক্রির অজুহাত হতে পারে না। এটি জঘন্য ও দণ্ডনীয় অপরাধ। ক্রেতা দম্পতির আর্থিক অবস্থাও ভালো নয়; তারা গরু বিক্রি করে বাচ্চাটি কিনেছেন বলে দাবি করেন। তবে কম বয়সী এই দম্পতি অন্য কোনও উদ্দেশ্যে বা পাচারের জন্য বাচ্চাটি কিনেছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা সাগর হোসেন, ক্রেতা দম্পতি ও কেনাবেচায় সহায়তাকারী মধ্যস্থতাকারীদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিশুটির মা তানজিলা খাতুন জানান, তাদের আরও দুটি সন্তান আছে। তৃতীয় সন্তান জন্মের ১৩ মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম হয়। অল্প সময়ের ব্যবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই শিশু জন্মের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে আর্থিক চাপে পড়ে তার স্বামী এমন ঘটনা ঘটাতে পারেন বলে তার ধারণা। তিনি বলেন, ‘যত কষ্টই হোক, কোনো মা তার সন্তান অন্যকে দিতে চায় না। আমার স্বামী ভুল করেছে, তাকে ক্ষমা করে দিন।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html