পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি ইয়েলোফিন টুনা মাছ। ৪০ হাজার ৪৬০ টাকায় বিক্রি হয়েছে মাছটি।
শুক্রবার (৩১ জুলাই) সকালে মাছটি কুয়াকাটা মৎস্য বন্দরের মেসার্স মনি ফিশ আড়তে নিয়ে আসা হলে সেটি দেখতে স্থানীয়রা ভিড় জমান। পরে ডাক হাঁকিয়ে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইসমাইল হোসেন মাছটি কিনে নিয়েছে।
মাছটির ওজন ২৮ কেজি ৯০০ গ্রাম (প্রায় ২৯ কেজি)। প্রতি কেজি এক হাজার ৪০০ টাকা দরে মাছটি মোট ৪০ হাজার ৪৬০ টাকায় বিক্রি হয়।
ইসমাইল হোসেন বলেন, এর আগে এ ধরনের মাছ আমি দেখিনি। মাছটি অত্যন্ত সুস্বাদু ও দামি। ভালো দামে বিক্রির জন্য এটি ঢাকায় পাঠানো হবে।
এফবি সজীব ট্রলারে কর্মরত জেলে জীবন মাঝি বলেন, গত পরশু কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকায় আমাদের জালে মাছটি ধরা পড়ে। এ ধরনের দামি মাছ আমাদের জালে সচরাচর ধরা পড়ে না। মাছটি পেয়ে আমরা খুবই খুশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইয়েলোফিন টুনা বিশ্বের ক্রান্তীয় ও উপক্রান্তীয় মহাসাগরের গভীর জলে বসবাসকারী একটি দ্রুতগতির মাছ। পূর্ণবয়স্ক মাছের দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৪ মিটার এবং ওজন ২০০ কেজি পর্যন্ত হতে পারে। সাধারণত গভীর সমুদ্রে বিচরণ করলেও অনুকূল পরিবেশে মাঝে মধ্যে উপকূলের কাছাকাছিও চলে আসে। ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার (প্রায় ৪৭ মাইল) বেগে সাঁতার কাটতে সক্ষম এ মাছ বিশ্বের অন্যতম দ্রুতগামী সামুদ্রিক মাছের মধ্যে একটি।