ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী


August 23, 2026 12:15 am
Link Copied!


কক্সবাজারের উখিয়া উপজেলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় গ্রাহকদের জমা করা প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা।

শনিবার (২২ আগস্ট) দুপুরে পালংখালী স্টেশন চত্বরে মানববন্ধন শেষে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেন কয়েকশ গ্রাহক। এতে প্রায় তিন ঘণ্টা মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ থাকে। পরে বিকাল ৫টার দিকে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ার পালংখালী স্টেশন চত্বরে দুপুরের প্রচণ্ড গরমের মধ্যে জড়ো হন কয়েকশ  নারী-পুরুষ। তারা বেসরকারি আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গ্রাহক। কয়েক দিন আগে টাকা তুলতে এসে জানতে পারেন, তাদের জমা টাকা নিয়ে পালিয়েছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সড়কে জড়ো হওয়া গ্রাহকরা একপর্যায়ে যান চলাচল বন্ধ করে দেন। শুরু হয় মানববন্ধন ও প্রতিবাদ সভা। সেখানে অনেকের সঙ্গে প্রতিবাদে অংশ নিতে এসেছিলেন স্থানীয় মাংস ব্যবসায়ী মো. শাহজাহান। প্রতিবাদ কর্মসূচি চলার সময় তিনি হঠাৎ জ্ঞান হারান। লুটিয়ে পড়েন মাটিতে।

গ্রাহকদের অভিযোগ, কর্মকর্তারা গ্রাহকদের অন্তত ১০ কোটি টাকা নিয়ে পালিয়েছেন। কর্মসূচিতে আসা ব্যবসায়ী মো. শাহজাহান ব্যাংকটির ওই শাখায় নয় লাখ টাকা জমা রেখেছিলেন বলে জানান তার এক আত্মীয়। তিনি বলেন, টাকা হারিয়ে দিশাহারা হয়ে পড়েন শাহজাহান। বলতে গেলে এটি তার সারা জীবনের সঞ্চয়।

গ্রাহকদের কর্মসূচি শুরু হয় বেলা ২টায়। এ সময় কক্সবাজার থেকে টেকনাফ এবং টেকনাফ থেকে কক্সবাজারমুখী কয়েকশ যানবাহন আটকা পড়ে। তীব্র যানজটে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিকাল ৫টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

পালংখালী বাজারের ব্যবসায়ী আনোয়ার ফয়সাল আরিফ বলেন, ‘আল আরাফাহ্‌ ব্যাংকে নিজের হিসাবে ৫ লাখ ৫৫ হাজার টাকা জমা ছিল। দীর্ঘদিন ধরে ব্যাংকে লেনদেন করছি। সম্প্রতি টাকা তুলতে গিয়ে দেখি হিসাবে টাকা নেই। ব্যাংকটির সংঘবদ্ধ চক্র কয়েকশ গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন। আমরা টাকা ফেরত চাই এবং জড়িতদের শাস্তি চাই।’

মানববন্ধন ও অবরোধ চলাকালে ‘প্রতারকের বিচার চাই’, ‘আমাদের টাকা ফেরত চাই’সহ বিভিন্ন স্লোগান দেন গ্রাহকরা। এ সময় কয়েকজন গ্রাহক কান্নায় ভেঙে পড়েন।

বিকালে এ ঘটনায় মামলা করা হয়। মামলার বাদী আনোয়ার ফয়সাল বলেন, ‘আমার হিসাবে ৫ লাখ ৫৫ হাজার টাকা জমা ছিল। কিন্তু টাকা তুলতে গিয়ে হিসাবের সঙ্গে জমার অমিল দেখতে পাই। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আরেক গ্রাহক খতিজাতুল কোবরা বলেন, ‘ওই এজেন্ট শাখায় আমার ১০ লাখ টাকা জমা ছিল। প্রয়োজনের সময় টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়ি। পরে জানতে পারি, আমাদের মতো আরও অনেক গ্রাহকের টাকাও আটকে আছে। আমরা আমাদের জমা করা টাকা ফেরত চাই।’

রাশেদা বেগম নামে আরেক গ্রাহক জানান, তার প্রায় দেড় লাখ টাকা ব্যাংকে জমা ছিল। এখন সেই টাকা না পাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন।

পুলিশ জানিয়েছে, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পালংখালী এজেন্ট শাখার এজেন্ট মালিক হাকিম উদ্দিন, ক্যাশিয়ার তাহসিন ইসলাম, ম্যানেজার হাবিব উল্লাহ ফরহাদসহ নয় জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় গ্রাহকদের জমাকৃত অর্থ আত্মসাৎ এবং হিসাবের নথি ও জমার রসিদে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। আনোয়ার ফয়সালের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় মামলাটি করা হয়।

এর আগে মঙ্গলবার স্থানীয়রা এজেন্ট মালিক হাকিম উদ্দিন ও ক্যাশিয়ার তাহসিন ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘সম্প্রতি আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পালংখালী এজেন্ট শাখার কর্মকর্তারা কয়েকশ গ্রাহকের অন্তত ১০ কোটি টাকা নিয়ে উধাও হন। গত ১৭ আগস্ট ২১ জন গ্রাহকের পক্ষে আনোয়ার ফয়সাল আরিফ বাদী হয়ে ব্যাংকটির নয় জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন। কক্সবাজার আদালতেও ক্ষতিগ্রস্ত গ্রাহকরা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথকভাবে পাঁচটি মামলা করেছেন। আরও অনেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে এর আগেই ১৭ অগাস্ট বিকালে দুজনকে আটক করা হয়।’

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ‘পালংখালী বাজারের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়টি আমরা জানতে পেরেছি। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে অবগত করা হয়েছে। গ্রাহকরা তাদের আমানত ফেরত পান, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html