ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর


September 21, 2026 5:15 am
Link Copied!


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার প্রতিবাদে রেললাইন অবরোধের পর রাজশাহী রেলওয়ে স্টেশনে কয়েক দফায় ভাঙচুর করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় স্টেশন ভবন, রেলওয়ে থানা, পার্সেল অফিস, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ও প্ল্যাটফর্মে ভাঙচুর করা হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে আনসার সদস্যদের বিরুদ্ধে। পরে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী স্টেশনে আটকা পড়ে।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম আইয়ুব আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, চাচাকে নিতে স্টেশনে গিয়েছিলেন আইয়ুব। এ সময় ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব ওই শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গেলে আনসার সদস্যরা তাকে মারধর করেন বলে অভিযোগ।

রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, স্টেশনে আইয়ুবকে আটক করে মারধর করা হয়েছে। এর আগেও এক শিক্ষার্থীকে স্টেশনের একটি কক্ষে আটকে মারধর ও জিম্মি করে রাখার অভিযোগ উঠেছিল। রেলস্টেশনকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় শিক্ষার্থীদের হয়রানির অভিযোগও রয়েছে।

পশ্চিম রেলের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘এ ধরনের সহিংসতা কাম্য নয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রাবির প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ভিডিওতে তিন শিক্ষার্থীকে মারধরের দৃশ্য দেখা গেছে। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত ও ব্রেন হেমারেজ হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, ‘কোনও শিক্ষার্থী আইন ভাঙলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু বহিরাগতদের দিয়ে মারধর করা গ্রহণযোগ্য নয়।’

শিক্ষার্থীদের ভাঙচুর ও রেলপথ অবরোধের বিষয়ে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি দেখছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিসহ শিক্ষার্থীদের দাবিগুলো পূরণে কাজ করছে। একইসঙ্গে দেশের সম্পদ ও সাধারণ মানুষের ক্ষতি না করে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html