গাজার শিশুদের সহায়তায় আয়োজিত একটি উদ্যোগের মাধ্যমে এক লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী।
বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান হামজা। অর্থ সংগ্রহের উদ্যোগে অংশ নেওয়া, অনুদান দেওয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করা সবাইকে ধন্যবাদ জানান তিনি।
হামজা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ করতে পেরেছি।’
এই উদ্যোগ সফল করতে দীর্ঘ সময় ধরে কাজ করায় নুজুম স্পোর্টসকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন হামজা। তার ভাষায়, নিজের ভাবনাকে বাস্তবে রূপ দিতে সংগঠনটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন।
সংগৃহীত অর্থ গাজার শিশুদের নিয়ে কাজ করা ‘চিলড্রেন নট নাম্বার্স’ সংগঠনের কার্যক্রমে ব্যয় করা হবে। সংগঠনটি গাজায় অবস্থান করে শিশুদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। হামজা জানিয়েছেন, অনেক শিশুর জন্য চিকিৎসার প্রয়োজনে গাজার বাইরে সরিয়ে নেওয়াই বেঁচে থাকার একমাত্র আশা। সংগৃহীত অর্থ তাদের চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যবহার করা হবে।
অল্প সময়ে এই উদ্যোগের মাধ্যমে এত অর্থ সংগ্রহ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা। তবে গাজায় চলমান মানবিক সংকটের তুলনায় এই অর্থকে সামান্য অবদান বলে মনে করেন তিনি।
হামজা বলেন, ‘এখনও অনেক কিছু করার বাকি। তবে যত ছোটই হোক, প্রতিটি প্রচেষ্টাই পরিবর্তন আনতে পারে।’
পোস্টের শেষাংশে ফিলিস্তিনের মানুষের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন হামজা। তিনি লেখেন, ‘আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন, ফিলিস্তিনের আমাদের ভাই-বোনদের কষ্ট লাঘব করুন, তাদের শক্তি ও ধৈর্য দিন এবং তাদের জন্য স্থায়ী শান্তি নিয়ে আসুন।’