টেলিযোগাযোগ সেবা ও ডিজিটাল জীবনের নানা প্রয়োজনকে এক সুতোয় বাঁধতে ‘মুক্ত’ নামে একটি অ্যাপ উন্মোচন করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। অ্যাপটিতে বাংলালিংকের প্রচলিত পরিষেবা, আন্তর্জাতিক রোমিং ও নিজস্ব ওয়াইফাই সেবার পাশাপাশি ভবিষ্যতের স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি ‘স্টারলিংক’ নেটওয়ার্ক ব্যবহারের বিশেষ সুযোগ যুক্ত করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব অপারেটরের গ্রাহকদের জন্য উন্মুক্ত অ্যাপটিতে থাকছে বিনোদন, গেমিং, খবর, খেলা, গল্পসহ টেলিযোগাযোগের বিভিন্ন সুবিধা। বাংলাদেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে মুক্ত অ্যাপে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, দেশের যেকোনও মোবাইল নম্বর কিংবা বিশ্বের যেকোনও দেশের মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করা যাবে। ফলে বিশ্বের যেকোনও স্থান থেকে ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্টের মাধ্যমে প্ল্যাটফর্মটির সেবা নিতে পারবেন।
মুক্ত অ্যাপে বাংলালিংকের টেলিযোগাযোগ সেবা, রোমিং, ইন্টারনেট সংযোগ ও বাংলালিংক ওয়াইফাইয়ের পাশাপাশি স্টারলিংক নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকছে। সাথে থাকছে ব্যবহারকারীদের জন্য বাছাই করা বিশেষ অফার, আর সেরা সব ডিল।
মুক্ত অ্যাপে আরও থাকছে গেমিং, গান, গল্প, ইসলামিক পডকাস্ট ও বিভিন্ন ধরনের কনটেন্ট। বিনোদনের জন্য টফির মাধ্যমে সিনেমা, টেলিভিশন অনুষ্ঠান ও সরাসরি খেলা দেখা যাবে। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাস্থ্যসেবা ও অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধাও নিতে পারবেন।
অ্যাপটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কাস্টমাইজেশন সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য ও সেবার সুপারিশ করবে অ্যাপটি। এছাড়া নিজের মোবাইল নম্বরের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের নম্বরেও বিভিন্ন সেবা এ অ্যাপ থেকে পরিচালনা করা যাবে।
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের শুধু টেলিযোগাযোগ সেবার চাহিদা নয়, এর বাইরেও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন বোঝার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, গ্রাহককে অগ্রাধিকার দেওয়ার অর্থ হলো, সংযোগ সেবার বাইরেও তাদের নানা ধরনের প্রয়োজন রয়েছে, তা বোঝা। মানুষ তাদের ডিজিটাল জীবনকে কোনও নির্দিষ্ট মোবাইল অপারেটরের সেবার মধ্যে সীমাবদ্ধ রাখে না। তারা এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গিয়ে জীবনকে আরও সহজ, সুবিধাজনক ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে। মুক্তর মাধ্যমে আমরা এসব সেবা এক জায়গায় নিয়ে আসতে চাই, যাতে সবাই তা ব্যবহার করতে পারেন।