ঢাকাFriday , 10 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শেয়ার বাজারে আসছে সরকারি কোম্পানি, কী বদলাবে


July 10, 2026 8:10 pm
Link Copied!


দীর্ঘদিন ধরে আস্থাহীনতা, কারসাজি, দুর্বল সুশাসন এবং ভালো মৌলভিত্তির কোম্পানির সংকটে ভুগছে দেশের পুঁজিবাজার। এ অবস্থায় লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্ত করার সরকারি উদ্যোগকে বাজার-সংশ্লিষ্টরা সম্ভাবনাময় একটি নীতিগত পরিবর্তন হিসেবে দেখছেন। তাদের মতে, পরিকল্পনাটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাজারে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে, বাজারের গভীরতা বৃদ্ধি পাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনের সুযোগ তৈরি হবে।

সাম্প্রতিক জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান পুঁজিবাজার উন্নয়নে ১৭ দফা অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছেন। এর অন্যতম প্রধান উদ্যোগ হলো— লাভজনক সরকারি প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানিকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করা। একইসঙ্গে বাজারে সুশাসন প্রতিষ্ঠা, কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর নজরদারি, কর-সুবিধা এবং বাজার সংস্কারের মতো পদক্ষেপও নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

কেন গুরুত্বপূর্ণ সরকারি কোম্পানির তালিকাভুক্তি

বাংলাদেশের পুঁজিবাজারের অন্যতম বড় সীমাবদ্ধতা হলো উচ্চমানের ও বড় মূলধনের কোম্পানির স্বল্পতা। বর্তমানে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের বাজার মূলধন তুলনামূলক ছোট এবং অনেক কোম্পানির আর্থিক ভিত্তিও দুর্বল। ফলে দেশীয় ও বিদেশি বড় বিনিয়োগকারীরা পর্যাপ্ত বিনিয়োগের সুযোগ পান না।

অপরদিকে রাষ্ট্রায়ত্ত অনেক প্রতিষ্ঠান— বিশেষ করে জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, সার, টেলিযোগাযোগ ও অবকাঠামো খাতের কয়েকটি কোম্পানি নিয়মিত মুনাফা করে, শক্তিশালী সম্পদভিত্তি রয়েছে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল আয় করে থাকে। এসব প্রতিষ্ঠানের একটি অংশ পুঁজিবাজারে এলে বাজারের মানগত পরিবর্তন ঘটতে পারে।

বিশেষজ্ঞদের মতে, একটি ভালো কোম্পানি শুধু নতুন শেয়ারই যোগ করে না; বরং পুরো বাজারের মান ও গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়।

এ প্রসঙ্গে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও অনেক আগেই পুঁজিবাজারে তালিকাভুক্ত করা উচিত ছিল। তবে বিলম্ব হলেও সরকারের এই উদ্যোগ দেশের পুঁজিবাজারকে গতিশীল করতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

তিনি বলেন, ‘‘অতীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সময় লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনার পরিকল্পনা করা হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারও বিষয়টি নিয়ে উদ্যোগ নেয়। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানও লাভজনক সরকারি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার বিষয়ে আগ্রহী।’’

আবু আহমেদের মতে, রাষ্ট্রায়ত্ত লাভজনক প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে এলে বাজারের গভীরতা ও স্থিতিশীলতা বাড়বে, নতুন ও মানসম্মত শেয়ার যুক্ত হবে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত হবে। তালিকাভুক্তির ফলে প্রতিষ্ঠানগুলো আরও দক্ষ ও প্রতিযোগিতামূলকভাবে পরিচালিত হওয়ার সুযোগ পাবে— যা সামগ্রিক অর্থনীতির জন্যও ইতিবাচক প্রভাব বয়ে আনবে।

বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর সুযোগ

গত এক যুগে একাধিক শেয়ার কেলেঙ্কারি, মূল্য কারসাজি, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নীতিগত অসামঞ্জস্যের কারণে লাখো ক্ষুদ্র বিনিয়োগকারী বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

লাভজনক সরকারি কোম্পানি বাজারে এলে বিনিয়োগকারীদের সামনে তুলনামূলক কম ঝুঁকির নতুন বিকল্প তৈরি হবে। নিয়মিত লভ্যাংশ প্রদানকারী এবং আর্থিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠানে বিনিয়োগের সুযোগ বাড়লে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সংস্কৃতি গড়ে উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, বাজারে আস্থা ফিরিয়ে আনতে শুধু আইন প্রয়োগ নয়, ভালো কোম্পানির সরবরাহ বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ।

বাজারের গভীরতা বাড়বে

বর্তমানে দেশের পুঁজিবাজারে কয়েকটি খাতের আধিপত্য থাকলেও অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতের প্রতিনিধিত্ব নেই। যদি কর্ণফুলী ফার্টিলাইজার, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন, সিলেট গ্যাস ফিল্ডস কিংবা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের মতো বড় সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়, তাহলে বাজারে নতুন খাত যুক্ত হবে।

এর ফলে বাজার মূলধন বৃদ্ধি পাবে। প্রতিদিনের লেনদেন বাড়তে পারে। বড় দেশীয় ও বিদেশি তহবিল বিনিয়োগে আগ্রহী হবে। সূচকের ওপর কয়েকটি কোম্পানির নির্ভরতা কমবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিবেশ শক্তিশালী হবে।

সরকারেরও লাভ হবে

সরকারি প্রতিষ্ঠানের শেয়ার আংশিক বিক্রি মানেই রাষ্ট্রীয় মালিকানা হারানো নয়। বরং সরকার নিয়ন্ত্রণ ধরে রেখেই সাধারণ জনগণকে অংশীদার হওয়ার সুযোগ দিতে পারে।

এতে সরকারের কয়েকটি সুবিধা হবে— রাষ্ট্রীয় সম্পদের মূল্যায়ন বাজারভিত্তিক হবে, বাজেটে অতিরিক্ত অর্থের সংস্থান হবে, উন্নয়ন প্রকল্পে অর্থায়নের নতুন উৎস তৈরি হবে এবং তালিকাভুক্তির কারণে প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে।

পাশাপাশি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন নিয়মিত প্রকাশ, স্বাধীন নিরীক্ষা এবং শেয়ারহোল্ডারদের কাছে জবাবদিহি নিশ্চিত হওয়ায় করপোরেট সুশাসনও শক্তিশালী হবে।

বিদেশি বিনিয়োগ বাড়তে পারে

আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত বড়, লাভজনক এবং স্বচ্ছ কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী হন।

বাংলাদেশের বাজারে যদি রাষ্ট্রায়ত্ত জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস কিংবা অবকাঠামো খাতের বড় প্রতিষ্ঠান যুক্ত হয়, তাহলে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ বাড়ার সম্ভাবনা তৈরি হবে। একইসঙ্গে বহুজাতিক কোম্পানিগুলোর জন্যও এটি ইতিবাচক বার্তা হতে পারে।

সরকার ইতোমধ্যে বহুজাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার অফলোডের মাধ্যমে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে। এতে বাজারে আন্তর্জাতিক মানের কোম্পানির সংখ্যা বাড়ার সুযোগ তৈরি হবে।

শুধু তালিকাভুক্ত করলেই হবে না

বিশেষজ্ঞদের মতে, সরকারি কোম্পানি বাজারে আনাই শেষ কথা নয়। এর সঙ্গে কয়েকটি বিষয় নিশ্চিত করা জরুরি।

প্রথমত, কোম্পানিগুলোর প্রকৃত মূল্য নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবমুক্ত করপোরেট পরিচালনা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ছোট শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় কার্যকর আইন প্রয়োগ করতে হবে। চতুর্থত, বাজার কারসাজি, অভ্যন্তরীণ তথ্যের অপব্যবহার এবং কৃত্রিম মূল্যবৃদ্ধি কঠোরভাবে দমন করতে হবে। অন্যথায়, ভালো কোম্পানিও বাজারে এসে প্রত্যাশিত সুফল দিতে পারবে না।

বর্তমান বাস্তবতা

বর্তমানে দেশের শেয়ারবাজারে সরকারি মালিকানাধীন প্রায় ২২টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। তবে এর মধ্যে অনেক প্রতিষ্ঠানের লেনদেন সীমিত, কিছু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাও দুর্বল। অন্যদিকে তিতাস গ্যাস, পদ্মা অয়েল, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বাংলাদেশ শিপিং করপোরেশনের মতো কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের কাছে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি হিসেবে পরিচিত।

সরকার এখন আরও কয়েকটি লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বাজারে আনার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বাজার সংস্কার, কর-সুবিধা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি, ব্লকচেইন প্রযুক্তি, বিশেষ ট্রাইব্যুনাল এবং পুঁজিবাজার সংস্কার কমিশন গঠনের মতো উদ্যোগও বাস্তবায়নের পথে রয়েছে।

বাংলাদেশের পুঁজিবাজারকে টেকসই ও আধুনিক করতে শুধু কারসাজি দমন করাই যথেষ্ট নয়; প্রয়োজন ভালো মানের কোম্পানির সংখ্যা বৃদ্ধি। লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনার উদ্যোগ সেই লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

তবে এই উদ্যোগের প্রকৃত সফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর। যদি স্বচ্ছতা, সুশাসন, শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করপোরেট পরিচালনা নিশ্চিত করা যায়, তাহলে সরকারি লাভজনক কোম্পানির তালিকাভুক্তি বাংলাদেশের পুঁজিবাজারে দীর্ঘদিনের আস্থাহীনতা কাটিয়ে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। অন্যথায় এটি কেবল আরেকটি ঘোষণাতেই সীমাবদ্ধ থেকে যাবে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html