বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা; ভোটে হারের পর হেগসেথের পাশে ট্রাম্প, তবে অপসারণের গুঞ্জন তুঙ্গে; ট্রাম্প-ভ্যান্স দূরত্ব বাড়ছে, হারের পর রিপাবলিকানদের মধ্যে চরম কোন্দল; ভারতীয় ব্যবসায়ী দম্পতির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, কারণ কী?; ঘুষের অভিযোগে অভিযুক্ত চীনের সাবেক পলিটব্যুরো সদস্য; এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড, নেপথ্যে ফেসবুকে স্ত্রীর ছবি- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে সহায়তার অভিযোগে দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, এই পদক্ষেপ তেহরান তাদের অস্ত্রাগার পুনর্গঠনে ব্যবহৃত পথগুলো বন্ধ করবে এবং তৃতীয় দেশের মধ্যস্থতাকারী ও সরবরাহকারীদের ঝুঁকি বাড়িয়ে দেবে।
ভোটে হারের পর হেগসেথের পাশে ট্রাম্প, তবে অপসারণের গুঞ্জন তুঙ্গে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয় ও অপছন্দনীয় ইরান যুদ্ধকে কেন্দ্র করে চাপ বাড়লেও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পাশেই দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেগসেথকে সরিয়ে দেওয়া হতে পারে, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর হেগসেথকে অপসারণের বিষয়টি বিবেচনা করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বুধবার ট্রাম্প বলেন, ‘না, আমি মনে করি তিনি খুব ভালো কাজ করছেন।’
ট্রাম্প-ভ্যান্স দূরত্ব বাড়ছে, হারের পর রিপাবলিকানদের মধ্যে চরম কোন্দল
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিশাল পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যকার অভ্যন্তরীণ বিভেদ প্রকাশ্যে রূপ নিয়েছে। প্রতিনিধি পরিষদ, সিনেট, গভর্নর ও অঙ্গরাজ্য আইনসভাগুলোতে শোচনীয় হারের প্রতিক্রিয়া দিতে গিয়ে এই দুই শীর্ষ নেতা পরোক্ষভাবে একে অপরকে দোষারোপ করছেন। সোশ্যাল মিডিয়া এক্স-এ দেওয়া এক দীর্ঘ ও সতর্ক বার্তায় জেডি ভ্যান্স মধ্যবর্তী নির্বাচনে দলের হারের পেছনে ইরান যুদ্ধ, জীবনযাত্রার উচ্চ ব্যয়, আমেরিকা ফার্স্ট নীতির অনুপস্থিতি এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ট্রাম্প যেখানে টানা কয়েক মাস ধরে ইরান যুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে আসছেন, সেখানে ভ্যান্সের প্রকাশ্যে এই স্বীকারোক্তি মার্কিন সামরিক অভিযানের দেশীয় নেতিবাচক প্রভাবকেই স্পষ্ট করে তুলেছে।
ভারতীয় ব্যবসায়ী দম্পতির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, কারণ কী?
ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক তেল বিধিনিষেধ এড়াতে জালিয়াতির মাধ্যমে সামুদ্রিক নিবন্ধন দিয়ে সহায়তার অভিযোগে এক ভারতীয় ব্যবসায়ী, তার স্ত্রী এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ দফতর জানায়, চণ্ডীগড়ভিত্তিক ব্যবসায়ী সুনীল কুমার শর্মা ও তার স্ত্রী জসপ্রীত প্রীতি শাহিদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ঘুষের অভিযোগে অভিযুক্ত চীনের সাবেক পলিটব্যুরো সদস্য
ঘুষ নেওয়ার অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য মা শিংরুইয়ের (৬৭) বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন সেদেশের সরকারি কৌঁসুলিরা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চীনের সুপ্রিম পিপলস প্রকিউরেটরেটের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মধ্য হুপেই প্রদেশের ইচাং পিপলস প্রকিউরেটরেটে মামলাটি হস্তান্তর করা হয়েছে।
এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড, নেপথ্যে ফেসবুকে স্ত্রীর ছবি
ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করা এবং তা ডিলিট করতে অস্বীকৃতি জানানোয় এক বন্ধুকে হত্যার দায়ে কুয়েতের একটি অপরাধ আদালত এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। মঙ্গলবার পরিকল্পিতভাবে হত্যার দায়ে আদালত এই রায় ঘোষণা করেন। প্রসিকিউশন জানায়, ওই প্রবাসী পূর্বপরিকল্পিতভাবে ছুরি নিয়ে কর্মস্থলের বাইরে অবস্থান নেন এবং ভুক্তভোগী বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার মাথা ও শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।