ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারী মেকআপ নয়, যে ফিটনেস মন্ত্রে অপরূপ সাই পল্লবী


August 1, 2026 7:15 pm
Link Copied!


পর্দায় তাকে দেখলেই চোখে পড়ে এক ধরনের স্বাভাবিক সৌন্দর্য। নেই অতিরিক্ত মেকআপের ঝলক, নেই ত্বকের স্বাভাবিক দাগ ঢেকে ফেলার চেষ্টা। বরং নিজের ব্রণযুক্ত ত্বককেও আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করেছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। আর সেই স্বাভাবিক সৌন্দর্যই তাঁকে আলাদা করে তুলেছে ভক্তদের কাছে।

বর্তমানে রণবীর কাপুরের সঙ্গে বহুল আলোচিত ‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এই চরিত্রে তার উপস্থিতি নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই অনুরাগীদের আগ্রহ তার রূপের রহস্য নিয়েও।

দুই কোটি টাকার প্রস্তাবও ফিরিয়েছিলেন

সাই পল্লবী তথাকথিত সৌন্দর্যের ধারণায় বিশ্বাসী নন। ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনের জন্য তাকে প্রায় দুই কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা যায়। কিন্তু নিজের বিশ্বাসের সঙ্গে মিল না থাকায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী।

তিনি বরাবরই মনে করেন, সৌন্দর্য শুধু বাইরের সাজে নয়, বরং শরীর ও মনের সুস্থতার সঙ্গেও জড়িত।

সাইয়ের পছন্দের স্ন্যাকস পপকর্ন

কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে নিজের প্রিয় স্ন্যাকসের কথা বলতে গিয়ে সাই জানিয়েছিলেন, তার পছন্দ পপকর্ন। শুনতে সাধারণ লাগলেও, চিকিৎসকদের মতে এটি স্বাস্থ্যকর খাবারের তালিকায় জায়গা পেতে পারে যদি সঠিকভাবে তৈরি করা হয়।

চেন্নাইয়ের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. পালানিয়াপ্পন মণিকম জানান, সাইয়ের খাদ্যাভ্যাসে প্রক্রিয়াজাত খাবারের বদলে গুরুত্ব পায় সাধারণ ও প্রাকৃতিক খাবার।

তার মতে, মাখন বা অতিরিক্ত উপাদান না মেশানো পপকর্নে থাকে প্রচুর ফাইবার, কিছু পরিমাণ প্রোটিন ও তুলনামূলক কম ক্যালোরি।

পপকর্নের ফাইবার হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে পারে এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।

তবে চিকিৎসকের পরামর্শ, বাজারের অতিরিক্ত মশলা বা বাটার দেওয়া পপকর্নের বদলে বাড়িতে তৈরি পপকর্ন খাওয়াই ভালো। কারণ প্যাকেটজাত বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারে ট্রান্স ফ্যাট ও সংরক্ষণকারী রাসায়নিক থাকতে পারে।

‘স্বাস্থ্যকর খাবারই আমার রূপচর্চা’

সাই পল্লবী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি মূলত স্বাস্থ্যকর খাবারের ওপরই নির্ভর করেন।

তার কথায়, “আমি শুধু স্বাস্থ্যকর খাবার খাই। এতে আমার রূপচর্চাও হয়ে যায় এবং শরীরের ভেতরের যত্নও নেওয়া হয়।”

অভিনেত্রীর খাদ্যতালিকায় থাকে শাকসবজি, ফল, ফাইবারসমৃদ্ধ খাবার, প্রোটিন ও বাদাম।

পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও তার জীবনযাত্রার অংশ। নৃত্যশিল্পী হিসেবেও সাইয়ের পরিচিতি রয়েছে। তাই নাচ ও ব্যায়ামের মাধ্যমে তিনি শরীরকে সক্রিয় রাখেন।

কম রাসায়নিক, বেশি প্রাকৃতিক যত্ন

ত্বকের যত্নে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের পক্ষপাতী নন সাই পল্লবী। অভিনয়ের প্রয়োজনেও চুলে রং করা বা অতিরিক্ত প্রসাধনী ব্যবহারে তিনি আগ্রহী নন।

বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন ত্বকের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

সাই পল্লবীর সৌন্দর্যের রহস্য হয়তো কোনো দামি প্রসাধনী নয়, বরং একটি সহজ বার্তা, শরীরকে ভেতর থেকে ভালো রাখলে তার উজ্জ্বলতা বাইরে ফুটে ওঠে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html