ফুটবলে জেতার মতো প্রায় সবই জিতেছেন লিওনেল মেসি। কিন্তু এত সাফল্যের মাঝেও একটি বিষয় আজও তাকে তাড়িয়ে বেড়ায়। ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার অধিনায়ক জানিয়েছেন, ছোটবেলায় ইংরেজি ভাষা না শেখাই তার জীবনের অন্যতম বড় আফসোস।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন ৩৮ বছর বয়সী এই তারকা। দীর্ঘ ক্যারিয়ারের বেশিরভাগ সময় স্পেনে কাটালেও এখন ইংরেজিভাষী পরিবেশে খেলতে গিয়ে ভাষাগত সীমাবদ্ধতা তাকে মাঝে মধ্যেই বিব্রত করে।
বেশ কয়েক মাস আগে ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে মেসি বলেছেন, ‘ছোটবেলায় ইংরেজি শেখা উচিত ছিল। অন্তত কিছুটা হলেও শেখার সুযোগ ছিল, কিন্তু আমি সেটা করিনি। আজ এটা নিয়ে আমার ভীষণ আফসোস হয়।’
তিনি আরও বলেছেন, ‘‘অনেক অসাধারণ ও বিখ্যাত মানুষের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু ভাষা না জানার কারণে ঠিকভাবে কথা বলতে পারিনি। তখন নিজেকে অর্ধেক অজ্ঞ মনে হতো। আমি নিজেকেই বলতাম, ‘কী বোকা ছিলাম! কত মূল্যবান সময় নষ্ট করেছি।’’
মেসি জানান, নিজের এই অভিজ্ঞতা থেকেই সন্তানদের সবসময় পড়াশোনা ও ভালো শিক্ষা গ্রহণের গুরুত্ব বোঝান, ‘আমি আমার সন্তানদের সবসময় বলি শিক্ষার গুরুত্ব বুঝতে, মন দিয়ে পড়াশোনা করতে এবং নিজেকে প্রস্তুত রাখতে। তারা যেন আমার মতো এই ভুল না করে।’
মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান মেসি। সেখানে লা মাসিয়া অ্যাকাডেমিতে ফুটবলের পাশাপাশি স্কুলের পড়াশোনাও শেষ করেন।
ফুটবল তাকে জীবনের অনেক শিক্ষা দিয়েছে বলেও উল্লেখ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি, ‘ফুটবল আমাকে জীবনের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। তবে শুধু সাফল্য নয়, এই খেলাই আমাকে অসংখ্য অভিজ্ঞতা, মূল্যবোধ ও আজীবনের সম্পর্ক উপহার দিয়েছে।’