সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই নিভৃতে ঢাকায় পা রেখেছে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান। সোমবার দুপুরে দলটি রাজধানীতে পৌঁছালেও তাদের আগমন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সাফ কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ছয় দলের এই প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। ভারত ও পাকিস্তান- দুই দলেরই আগামীকাল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সফরকারী দলগুলোর মধ্যে ভুটানই সবার আগে ঢাকায় এসেছে। তবে সোমবার তাদের কোনও অনুশীলন সেশন ছিল না। আগামীকাল থেকে মাঠে প্রস্তুতি শুরু করবে দলটি। অন্যদিকে বাংলাদেশ দল আজ বিকেলে জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করবে।
ভুটানের বিপক্ষে খেলার সাম্প্রতিক অভিজ্ঞতাও আছে বাংলাদেশের। গত বছরের ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে ঢাকায় ভুটানকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। সংস্কারকাজ শেষে সেই ম্যাচ দিয়েই ঢাকা স্টেডিয়ামে নতুন করে ফুটবল ফিরেছিল। ম্যাচটিতে ভুটানকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম গোলটিও সেদিন ভুটানের বিপক্ষেই করেছিলেন হামজা চৌধুরী।